ষাড় ও মোরগ লড়াই বন্ধে রুল

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৪, ০০:১৮

ষাঁড়, মোরগ ও ছাগলের লড়াই এবং কুকুর নিধন কার্যক্রম বন্ধে রুলজারি করেছে হাইকোর্ট। রুলে প্রাণি দিয়ে খেলার আয়োজন বন্ধ করতে সরকারকে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে। তিন সপ্তাহের মধ্যে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি, ঢাকার জেলা প্রশাসকসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

একই সঙ্গে সুনামগঞ্জের ছাতকে ষাঁড়, মোরগ ও ছাগলের লড়াইয়ের আয়োজনের উপর আট সপ্তাহের নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। এক রিট আবেদনের শুনানি শেষে গতকাল রবিবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন।
অভয়ারণ্য-বাংলাদেশ প্রাণি কল্যাণ ফাউন্ডেশনের পক্ষে ব্যারিস্টার নাদিয়া চৌধুরী হাইকোর্টে রিট আবেদনটি দায়ের করেন। রিট আবেদনে খেলার নামে এ ধরনের নিষ্ঠুর পশু নির্যাতনের বৈধতা চ্যালেঞ্জ করা হয়। আবেদনে বলা হয়, বিশ্বজুড়ে প্রাণি অধিকার রক্ষায় মানুষ সচেতন হচ্ছে। স্পেনেও ষাঁড়ের লড়াই বন্ধ করে দেয়া হয়েছে। এ ধরনের খেলায় প্রাণির প্রতি নিষ্ঠুরতা আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারার পরিপন্থি বলেও রিটে উল্লেখ করা হয়।

আবেদনের পক্ষে ব্যারিস্টার নাদিয়া চৌধুরী শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।