ভারতের প্রথম বাঙ্গালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি হাসপাতালে ভর্তি হয়েছেন। বুকে ব্যথা ও পাকস্থলিতে সমস্যার কারণে শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার হার্টের একটি ‘ব্লক’ অপসারণে অস্ত্রোপচার করা হয়েছে দেশটির কয়েকটি গণমাধ্যম জানিয়েছে। তবে রাষ্ট্রপতি ভবন কিংবা হাসপাতালের ডাক্তাররা বিষয়টি নিশ্চিত করেননি। আজ সোমবার তিনি হাসপাতাল ছাড়তে পারেন। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।
শনিবার সকালে আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হসপিটালে প্রণব মুখার্জির অস্ত্রোপচার করা হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। ৭৯ বছর বয়সী এই বাঙালি রাজনীতিবিদকে হাসপাতালে নেয়া হয় এবং স্বাস্থ্য পরীক্ষায় প্রণবের হূিপণ্ডের ধমনীতে ব্লক ধরা পড়লে চিকিত্সকরা দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। তার প্রেস সচিব ভেনু রাজামনি জানিয়েছেন, প্রণব মুখার্জির শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে তাকে আরও কয়েকদিন চিকিত্সকদের পর্যবেক্ষণে থাকতে হবে। রাষ্ট্রপতি প্রণব আজ হাসপাতাল ছাড়তে পারেন বলে ভেনু রাজামনি জানিয়েছেন। গত ১১ ডিসেম্বর ৭৯ বছরে পা দেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।
