ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী ব্যাঙ্গালুরুর পুলিশ জানিয়েছে, মধ্যপ্রাচ্যে সক্রিয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) টুইটার পরিচালনকারী মেহেদি মাসরুরকে গ্রেফতার করার ২৪ ঘন্টার মধ্যে তাদের দেখে নেয়ার হুমকি দেয়া হয়েছে। টুইটার বার্তায় তাদের উপর প্রতিশোধ নেয়া হবে বলে হুমকি এসেছে। মেহেদিকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। খবর এনডিটিভি’র।
ব্যাঙ্গালুরু পুলিশের অপরাধ বিভাগের ডিসিপি অভিষেক গয়ালের টুইটারে হুমকি দিয়ে বলা হয়, আমরা আমাদের ভাইকে আপনাদের হাতে ছেড়ে দেবো না। অপেক্ষা করুন আমাদের প্রতিক্রিয়া দেখতে পাবেন। পুলিশ জানিয়েছে, মেহেদি সরাসরি আইএস’র সঙ্গে যুক্ত ছিলেন না। কিংবা গোষ্ঠীটির কোনো কর্মী সংগ্রহও করেননি। তিনি ইংরেজিতে কথা বলা আইএস সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখতেন। তবে তিনি নিজের নামটি গোপন রাখার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করেছিলেন। তিনি আরবি ভাষার টুইটার বার্তাগুলো ইংরেজিতে অনুবাদ করতেন এবং বিভিন্ন তথ্য-উপাত্ত আপলোড করতেন। পুলিশ জানিয়েছে, মেহেদি ‘শামী উইটনেস’ নামে যে টুইটার অ্যাকাউন্টটি চালাতেন, সেটি সিরিয়া ও ইরাকের একটা অংশ দখল করে রাখা জঙ্গি সংগঠন আইএস’র অন্যতম জনপ্রিয় অ্যাকাউন্ট। প্রায় ১৮ হাজার ফলোয়ার রয়েছে এই অ্যাকাউন্টের।
