সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি অনেক হুমকি-ধুমকি দিচ্ছে। হাঁক-ডাক ছয় বছরে অনেকবার শুনেছি। সরকারকে বঙ্গোপসাগরে ফেলে দিবে, বুড়িগঙ্গা নদীতে ফেলে দিবে কিন্তু বিএনপি বুড়িগঙ্গা নদীতে ডুবে যায়। তারা নিজেরাও চরম সংকটে আছে। বেগম খালেদা জিয়া কি করবে? তার নামে মামলা। আর একজন লন্ডনে আছে তার নামেও মামলা। কর্মীরা হতাশায় ভুগছে। বুঝতে হবে মরা গাঙ্গে জোয়ার আসে না। বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে ইতিহাসকে নিয়ে নানা কথা বলছে।
সোমবার সকাল ১১টায় নোয়াখালী কোম্পানীগঞ্জে চরফকিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভূমিহীনদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল সাহেব বলেছেন, একাত্তরের চেয়েও খুন গুম বেশি হচ্ছে। ২১ শে আগস্ট বোমা হামলায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা হয়েছিল। আইভি রহমান সেখানে নিহত হন। কিবরিয়াকে হত্যা করা হয়েছে। আহসান উল্যাহ মাস্টারকে হত্যা করা হয়েছে। বর্তমান সরকারের আমলে বিএনপি’র একজন নেতাকর্মীকে হত্যা করা হয়নি। তারা জজ মিয়া নাটক সাজিয়েছে। গণআন্দোলন বার বার দিয়েও তারা ব্যর্থ হয়। আন্দোলনে ব্যর্থ হয়ে তারা হুমকি-ধুমকি দিয়ে কথা বলছে। শেখ হাসিনা সরকার বিএনপির আন্দোলন নিয়ে চিন্তিত নয়। আন্দোলন করার সাহস তাদের নেই।
তিনি বলেন, বিএনপি আমলের চেয়ে বর্তমান সময় দেশের মানুষ খুব ভালো কাটাচ্ছে। আন্তর্জাতিক উগ্রবাদীরা সরকার হটানোর জন্য গোপন চেষ্টা চালাচ্ছে।
সভায় সভাপতিত্ব করেন চরফকিরা ইউনিয়নের চেয়ারম্যান জামাল উদ্দিন লিটন। বক্তব্য রাখেন- কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, নিউইয়র্ক আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক আইয়ুব আলী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি খিজির হায়াত খান প্রমুখ।
এর আগে তিনি বসুরহাট পৌরসভায় দুস্থ ও অসহায় লোকজনের মাঝে কম্বল বিতরণ করেন। নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ ও চট্টগ্রাম জেলার সন্দীপ উপজেলা সীমানা নির্ধারণ, কোম্পানীগঞ্জ উপজেলা চর এলাহী ইউনিয়নের অন্তর্গত চরবালুয়া মৌাজার ভূমিহীনদের ভূমি ও জানমাল রক্ষার্থে স্থায়ী পুলিশ ক্যাম্প, চরএলাহী ও চরবালুয়ার নদী ভাংগন রোধে ক্রস ড্যাম নির্মাণ, চিংড়ী মহল ঘোষণা, আশ্রয় প্রকল্প, প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবি করে মন্ত্রীকে স্মারক লিপি প্রদান করেন উপজেলা চেয়ারম্যান।
