চার সপ্তাহের আগাম জামিন পেলেন রুবেল

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৪, ১৭:২৯

জাতীয় দলের পেসার রুবলে হোসেনকে ৪ সপ্তাহের আগাম জামিন দিয়েছে আদালত। নারী নির্যাতন আইনে চিত্রনায়িকা নাজনীন আকতার হ্যাপীর করা মামলায়  হাইকোর্ট থেকে জামিন পেলেন তিনি।সোমবার বিচারপতি সৈয়দ এবি মাহমুদুল হক ও বিচারপতি আকরাম হোসেন চোধুরীর ডিভিশন বেঞ্চ এ জামিন দেয়। এর আগে রুবেল হোসেন আদালতে আত্মসমর্পন করে জামিন চান। তার পক্ষে অ্যাডভোকেট শম রেজাউল শুনানি করেন।

রুবেলের আইনজীবী শ ম রেজাউল করিম বলেন, আদালত তার আবেদনের নিষ্পত্তি করে ৪ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে। এই মেয়াদ শেষে তাকে বিচারিক আদালতে গিয়ে আবার জামিন নিতে হবে। বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করার অভিযোগে শনিবার রাজধানীর মিরপুর থানায় এই মামলা করেন চিত্রনায়িকা হ্যাপী। তার অভিযোগ, ফেইসবুকে রুবেলের সঙ্গে প্রায় এক বছর আগে তার পরিচয় হয়। নয় মাস ধরে তার সঙ্গে ঘনিষ্ঠতা। বিয়ের কথাবার্তা চলার মধ্যে আরেক মেয়ের সাথে সম্পর্ক করে রুবেল। এ ব্যাপারে অভিযোগ করলে সে এড়িয়ে যায়।