ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের প্রণোদনা তহবিলের অর্থ ছাড়ের সিদ্ধান্ত

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৪, ১৭:৪৫
পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তায় পুনঃঅর্থায়নের আওতায় ৯০০ কোটি টাকা তহবিলের দ্বিতীয় কিস্তি ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে অর্থমন্ত্রণালয়। এ কিস্তিতে ৩০০ কোটি টাকা ছাড় করা হবে। রবিবার অর্থমন্ত্রণালয় টাকা ছাড়ের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে একটি চিঠি ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকে দেয়ার কথা রয়েছে। এর ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক টাকা ছাড় করবে। এরপর এ অর্থ বিতরণ করা হবে। অর্থমন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, পুঁজিবাজারে ২০১০ সালের ধসে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের কথা চিন্তা করে সরকার ৯০০ কোটি টাকার প্রণোদনা তহবিল গঠনের সিদ্ধান্ত নেয়। ৩০০ কোটি টাকা করে তিন কিস্তিতে এ তহবিলের অর্থ ছাড় করার কথা রয়েছে।  গত বছরের আগস্ট মাসে প্রথম কিস্তির ৩০০ কোটি টাকা ছাড় করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছরের ২৭ আগস্ট বাংলাদেশ ব্যাংক পুনঃঅর্থায়ন তহবিলের প্রথম কিস্তি বাবদ ৩০০ কোটি টাকা দেয়। প্রথম কিস্তির ৩০০ কোটি টাকা ব্যয় হওয়ার পর সমান দুই কিস্তিতে অবশিষ্ট ৬০০ কোটি টাকা ছাড় দেওয়ার কথা ছিল। কিন্তু ঋণের শর্ত নিয়ে কিছুটা জটিলতার কারণে মার্চেন্ট ব্যাংক ও ব্রোকার ডিলার প্রতিষ্ঠানগুলো ওই তহবিল থেকে ঋণ নেয়নি। পরে গত ২০ এপ্রিল অর্থমন্ত্রণালয় ঋণের শর্ত শিথিল করে প্রজ্ঞাপন জারি করে। ঋণপ্রদানকারী প্রতিষ্ঠানের পরিচালকদের ব্যক্তিগত নিশ্চয়তার শর্ত প্রত্যাহার করে নেওয়া হয়। একইসঙ্গে পুনঃঅর্থায়ন তহবিল বণ্টনে আবেদনের সময় দফায় দফায় বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়।