ধর্মঘটে অচল বেলজিয়াম

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৪, ১৮:৩৪
 
ধর্মঘটে বেলজিয়ামে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের বিমান এবং ট্রেন যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। নতুন সরকারের কৃচ্ছ্রতা নীতির বিরুদ্ধে দেশব্যাপী ধর্মঘটে এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে। 
ব্রাসেলস বিমানবন্দরের মুখপাত্র ফ্লোরেন্স মালস ধর্মঘটের কারণে বিমানের সকল ফ্লাইট বাতিলের খবর নিশ্চিত করেছেন।
তিনি আরো জানিয়েছেন , বেলজিয়ামে আসা ও যাওয়ার মোট ৬শ’ ফ্লাইট দিনব্যাপী ধর্মঘটের কারণে ব্রাসেলস বিমানবন্দর থেকে উড্ডয়ন বা অবতরণ করবে না।
এরআগে বেলজিয়ামের রাজধানীর বাইরে অবস্থিত চার্লেরই বিমানবন্দরের কর্মকর্তরা জানিয়েছিল যে, রোববার থেকে আগামী ২৪ ঘণ্টা এ বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া সকল ফ্লাইট বাতিল করা হয়েছে এবং এ বিমানবন্দর অভিমুখী সকল ফ্লাইট ঘুরিয়ে দেয়া হবে।
বেলজিয়ামের রেল সংস্থা এসএনসিবি তাদের ওয়েবসাইটে জানায়, গ্রিনিচ মান সময় রোববার ২১০০টা থেকে সোমবার পর্যন্ত অবভ্যন্তরীণ ট্রেন সার্ভিস বাতিল করা হয়েছে।
ইউরোস্টার তাদের ওয়েবসাইটে জানিয়েছে, রোববার রাতে লন্ডন থেকে ব্রাসেলসগামী একটি ট্রেন বেলজিয়াম সীমান্তবর্তী ফরাসি লিলি নগরীতে থামিয়ে দেয়া হবে। কারণ ধর্মঘটের কারণে ট্রেনটিকে বেলজিয়ামের রাজধানীতে ঢুকতে দেয়া হবে না। সূত্র: এএফপি