বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) আয়োজিত ৫ দিনব্যাপী ‘বিসিএস ডিজিটাল এক্সপো রাজশাহী-২০১৪’ বুধবার নগরীর মহিলা ক্রীড়া কমপ্লেক্সে শুরু হচ্ছে। ওই দিন দুপুর আড়াইটায় মেলার উদ্বোধন করবেন শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরী। সোমবার বিসিএস রাজশাহী শাখার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
তৃতীয়বারের মতো রাজশাহীতে মেলার আয়োজন করছে বিসিএস। তথ্য-প্রযুক্তি প্রদর্শনের সব চেয়ে বড় আয়োজন এটি। এবারের মেলায় ৫৫টি প্যাভিলিয়ন থাকবে। এসব প্যাভিলিয়নে দর্শনার্থীরা সুলভ মূল্যে বিশ্বের বিভিন্ন দেশের নামিদামি ব্র্যান্ডের কম্পিউটার, ট্যাব, ল্যাপটপ থেকে শুরু করে তথ্যপ্রযুক্তির বিভিন্ন যন্ত্রপাতি কিনতে পারবেন। এছাড়াও মোস্তফা জব্বারের সঞ্চালনায় ‘মাল্টিমিডিয়া ক্লাসরুম’ শীর্ষক সেমিনার ও অভিজ্ঞদের দিয়ে ‘ঘরে বসে আয়ের উত্স’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে। মেলায় দর্শনার্থীদের জন্য থাকছে আকর্ষণীয় কুইজ। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। স্কুলের শিক্ষার্থীরা বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবেন। সংবাদ সম্মেলনে বিসিএস ডিজিটাল এক্সপো রাজশাহী-২০১৪ এর আহ্বায়ক আশরাফ সিদ্দিকী নূর, বাংলাদেশ কম্পিউটার সমিতি, রাজশাহীর সহ-সভাপতি মুসফিক-উস-সালেহীন, সাধারণ সম্পাদক আবুল ফজল কাশেমী, যুগ্ম-সাধারণ সম্পাদক এসএম লতিফুন বারী প্রমুখ উপস্থিত ছিলেন।
