সুন্দরবন রক্ষায় হাইকোর্টে রিট

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৪, ০০:৩৫

সুন্দরবন রক্ষার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের ডিভিশন বেঞ্চে গতকাল সোমবার আংশিক শুনানি অনুষ্ঠিত হয়েছে। আগামী ৫ জানুয়ারি পরবর্তী শুনানির জন্য দিন ধার্য রেখেছে আদালত। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট একলাছউদ্দিন ভুইঞা।

বিশ্বের বৃহত্তম এই বন রক্ষার নির্দেশনা চেয়ে রবিবার হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন অ্যাডভোকেট সৈয়দা শাহিন আরা লাইলী। আবেদনে বলা হয়, সুন্দরবনের শেলা নদীতে অয়েল ট্যাঙ্কার ডুবির ফলে বনের ৮০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে ফার্নেস অয়েল ছড়িয়ে পড়েছে। যা বনের জীববৈচিত্র্যসহ প্রাকৃতিক বিপর্যয়ের সৃষ্টি করেছে। এটা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। আবেদনে পরিবেশ ও বন সচিব, শিপিং করপোরেশনের সচিব, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান, খুলনা ও বাগেরহাটের পুলিশ সুপারকে বিবাদী করা হয়েছে।