ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ব্যাঙ্গালুরুতে গ্রেফতার হওয়া আইএসের হয়ে পরিচালনা করা মেহেদি মাসুদের টুইটারের অনুসরণকারীদের শতকরা ৬০ ভাগ অমুসলিম। বাকি মুসলমানদের মধ্যে অধিকাংশই পশ্চিমা বিশ্বের নাগরিক। বিশেষ করে তাদের বেশিরভাগই ব্রিটেনের। খবর টাইমস অব ইন্ডিয়ার।
গতকাল সোমবার ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় রাজনাথ সিং বলেন, ২৪ বছর বয়সী মেহেদিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে জানা গেছে, তার দায়িত্ব ছিল আইএসের সমূহ বার্তা টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করা। মেহেদি আইএসের সঙ্গে কোনো ব্যক্তিকে যুক্ত করেননি, জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জিজ্ঞাসাবাদে মেহেদি তার টুইটার অ্যাকাউন্টের অনুসরণকারীদের সংখ্যার ব্যাপারেও তথ্য দেন। গত ১৩ ডিসেম্বর মেহেদিকে ব্যাঙ্গালুরু থেকে গ্রেফতার করে পুলিশ।
