নিরাপত্তার এই হাল!

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৪, ০১:১২

নোবেল অনুষ্ঠানের নিরাপত্তার বেড়াজাল টপকে নিজ দেশের পতাকা তুলে ধরেন মেক্সিকোর এক শিক্ষার্থী।  তিনি ওই অনুষ্ঠানের সঙ্গে কোনোভাবেই যুক্ত ছিলেন না। এত বড় অনুষ্ঠানে নিরাপত্তার এই হাল নিয়ে সমালোচনার ঝড় বইছে গণমাধ্যমে।

গত ১০ ডিসেম্বর নরওয়ের অসলোতে নোবেল শান্তি পুরস্কারের পদক তুলে দেয়া হয় বিজয়ীদের হাতে। শান্তিতে পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই এবং কৈলাস সত্যার্থী তাদের সম্মাননা দেখানোর প্রস্তুতি নেন। এমন সময় অতর্কিতভাবে অনুষ্ঠানস্থলের ভেতরে প্রবেশ করেন এক যুবক। মালালা এবং কৈলাসের সামনে এসে মেক্সিকোর পতাকা তুলে ধরেন তিনি। ওই সময় কেউ হয়তো ঘটনাটা বুঝতে পারেননি। কিন্তু কিছুক্ষণ পরই জানা যায়, মেক্সিকোর ২১ বছর বয়সী ওই ছাত্রের নাম আদান কর্টেজ। তিনি অনুষ্ঠানের অতিথি কিংবা কোনো কর্মকর্তাও নন। তাহলে তিনি এত বড় একটি অনুষ্ঠানে নিরাপত্তার ব্যুহ ভেঙ্গে সেখানে প্রবেশ করলেন কিভাবে? এ নিয়ে মেক্সিকোর পুলিশকে ব্যাপক সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে। ওই যুবক জানিয়েছেন, তিনি কেবল তার দেশের অবস্থা সম্পর্কে বিশ্বকে জানানোর চেষ্টা করেছেন। তার কাছে মনে হয়েছে, তার আকাঙ্খা পূরণের জন্য এই অনুষ্ঠানই মোক্ষম সুযোগ। - সিএনএন