৫ জানুয়ারি ‘গণতন্ত্রের বিজয় দিবস’ হিসেবে পালন করবে আওয়ামী লীগ। এ উপলক্ষে গতকাল সোমবার আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে দলীয় কার্যনির্বাহী কমিটির সঙ্গে স্বেচ্ছাসেবক লীগের মতবিনিময় হয়েছে। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন আহমদ হোসেন, আবদুস সোবহান, মোল্লা আবু কাউছার, পংকজ দেবনাথ প্রমুখ।
মতবিনিময় শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ গত শনিবার খালেদা জিয়ার নারায়ণগঞ্জের কাঁচপুরের জনসভায় ‘তাকে হত্যার প্রয়োজন হবে না, নিজেই নিঃশেষ হয়ে যাবে’—প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে বক্তব্যের সমালোচনা করেন। তিনি বলেন, “খালেদা জিয়ার এমন মন্তব্যের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে, বিএনপি ক্ষমতায় আসার পর ২০০১ সালে সারা দেশে আওয়ামী লীগের যত নেতা-কর্মী খুন এবং ২১ আগস্ট যে গ্রেনেড হামলা হয়েছে, তাতে তাঁর যোগসূত্র আছে”। এটা খতিয়ে দেখার জন্য তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।
