মহান বিজয় দিবসে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত আলোচনা সভায় দলের সিনিয়র ভাইস চেয়ারপার্সন তারেক রহমান বর্তমান সরকার, আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তীব্র সমালোচনা করেছেন। এসময় তিনি বঙ্গবন্ধুকে ‘রাজাকার’ বলেও উল্লেখ করেন।
পূর্ব লন্ডনের অ্যাট্রিয়াম হলে বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে এ সভা আয়োজন করা হয়।
তিনি বলেন,শেখ মুজিবুর রহমান তার দলকে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত রাখেননি। কারণ তিনি বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করতেন না। এজন্য আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের দল বলা যায় না।আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত থাকলে এতো বেশি মানুষ হত্যার শিকার হতো না। মূলত এজন্য তিনিই ( শেখ মুজিব) দায়ী। এজন্যই শেখ মুজিবুর রহমানকে অন্যতম রাজাকার বলা যায়।
সিরাজুল আলম খানের রেফারেন্স তুলে তারেক রহমান বলেন, আওয়ামী লীগ হলো অ্যান্টি লিবারেশন ফোর্স। এদলটি মুক্তিযুদ্ধের দল নয়।তারা স্বাধীন হওয়ার পর পরই বাকশাল কায়েম করে। এক দলীয় শাসনের দ্বারা তারা মানুষের ওপর যুলুম-নির্যাতন চালিয়েছিল। এখনো তাই করছে। শেখ মুজিব ছিলেন মূলত পাক বন্ধু।
সভায় যুক্তরাজ্য বিএনপির স্থানীয় নেতৃবৃন্দসহ আমেরিকা ও ইউরোপ কমিটির নেতৃবৃন্দ যোগ দেন।
সভায় বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা আত্মকলহে লিপ্ত হয়ে তারেক রহমানের সামনেই তুমুল উচ্ছৃঙ্খল ও বেপরোয়া শোডাউন প্রদর্শন করে। এসময়ে হলের ভেতরে থেমে থেমে নেতা-কর্মীরা হাঙ্গামায় জড়িয়ে পড়েন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রুহুল কবির রিজভি ও মীর নাসির প্রমুখ।
