ভেনেজুয়েলায় মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে সরকারপন্থীদের বিক্ষোভ

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৪, ১৬:২৮
 
 
 
 
 
সম্প্রতি ভেনেজুয়েলার কিছু সরকারি কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করায় বিক্ষোভে ফেটে পড়েছে পুরো কারাকাস। স্থানীয় সময় যুক্তরাষ্ট্রের নিন্দা জানিয়ে রাস্তায়  রাস্তায় মিছিল-সমাবেশ করে সরকারপন্থী হাজার হাজার মানুষ। এ সময় বিক্ষোভকারীরা তাদের দেশের প্রতি সম্মান প্রদর্শন করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানায়। খবর বিবিসির।
দেশটির সংবিধানের ১৫ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে এই মিছিল-সমাবেশের আয়োজন করা হয়। হাজার হাজার আন্দোলনকারী লাল শার্ট পড়ে আসেন। মিছিলের শেষে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন। এ সময় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, তারা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করছে। তিনি আমেরিকা সরকারের সমালোচনা করেন এবং তাদেরকে ‘উগ্র সাম্রাজ্যবাদী’ হিসেবে অভিহিত করেন। তিনি আরো বলেন, ভেনেজুয়েলা এবং অন্যান্য দেশের উচিত আইন বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি তৈরি করা, যারা লিবিয়া, ইরাক ও সিরিয়ায় বোমা হামলাকারী যুক্তরাষ্ট্রের সব মানবাধিকার লংঘন এবং মানবতার বিরুদ্ধে অপরাধের তদন্ত করবে।   
গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া সরকারবিরোধী আন্দোলনের সাথে জড়িত ব্যক্তিদের ওপর মানবাধিকার লংঘনের মতো কিছু কাজ করায় দেশটির সাবেক কয়েকজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনে মার্কিন সরকার। তখন তারা বিভিন্ন সহিংস কর্মকাণ্ড এমনকি মানবাধিকার লংঘনের মতো ঘটনা ঘটিয়েছেন বলে জানানো হয়। তাই এ সব কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সিনেটে বিল পাসের পর গত সপ্তাহে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদেও বিলটি পাস করা হয়। এখন প্রেসিডেন্ট ওবামার স্বাক্ষরের পরই এটি আইনে পরিণত হবে। এ দিকে, ভেনেজুয়েলায় ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত চলা বিক্ষোভে দুই রাজনৈতিক দল থেকে ৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।