ঝিনাইদহে ট্রাক চাপায় আলমগীর হোসেন (২৫) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার রাজধরপুরে এই দুর্ঘটনাটি ঘটে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল ) কনক কুমার দাস জানান, 'সদর উপজেলার গোয়ালপাড়া বাজার থেকে একটি ট্রাক পানামীর দিকে যাচ্ছিলো। পথে রাজধরপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর পড়ে। চালক আলমগীর হোসেনও রাস্তার ছিটকে পড়েন। সে সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও একজন'।
আরও পড়ুন: ছাত্র পেটানোয় স্কুল প্রাঙ্গনে এলাকাবাসীর বিক্ষোভ
পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তে জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহত আলমগীর হোসেন খুলনার কয়রা উপজেলার গোবরা বেড়বামিনা গ্রামের বাবু সানার ছেলে।
ইত্তেফাক/জেডএইচডি

