সিডনির ক্যাফেতে জিম্মির ঘটনায় নিহত দুইজনের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট। এ দিকে, সিডনির মার্টিন প্লেসের সেই ক্যাফেতে শত শত মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং শোকবইতে স্বাক্ষর করেন। এ দিকে ক্যাফেতে পুলিশের অভিযানের ভুল-ত্রুটির ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। ইরানি শরণার্থী হারুন মনিস, যার বিরুদ্ধে নানা অপরাধের অভিযোগ রয়েছে, সে কী ভাবে অস্ত্র পেল তাও তদন্ত করছে পুলিশ। খবর বিবিসির।
এক সংবাদ সন্মেলনে প্রধানমন্ত্রী টনি অ্যাবোট বলেন, দুজন ভালো মানুষ একজন অসুস্থ মানুষের বিকৃত কর্মের শিকার হয়েছেন। মঙ্গলবার সকালে পুলিশের অভিযানের সময় গুলিতে নিহত হন দুই জিম্মি। নিহতদের একজন ক্যাফের ম্যানেজার টরি জনসন (৩৪) ও অপরজন আইনজীবী ক্যাটরিনা ডিসন(৩৮)।
অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় নেয়া হারুন মনিস সিডনির একটি ক্যাফেতে ঢুকে লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। একপর্যায়ে তিনি প্রধানমন্ত্রী টনি অ্যাবোটের সাথে কথা বলার দাবি করেন। জিম্মিদের কয়েকজনকে ইসলামি পতাকা হাতে জানালার পাশে দাঁড়াতে বাধ্য করেন হারুন। পরে জিম্মিদের উদ্ধারে অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় গুলিতে নিহত হন দুই জিম্মি।
