পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি যুবক নিহত

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৪, ১৭:১৪
 
 
 
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় এক ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন। পশ্চিম তীরের রামাল্লার কাছে একটি শরণার্থী শিবিরে স্থানীয় সময় সোমবার দিন গত গভীর রাতে এ সেনা অভিযান চালায় ইসরায়েল। মঙ্গলবার সংবাদ সংস্থাগুলোর এক খবরে বলা হয়, কালানডিয়া শরণার্থী শিবিরে অভিযুক্তদের ধরতে তল্লাশি চালায় ইসরায়েলি সেনাবাহিনী। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে নিহত ফিলিস্তিনির বয়স ২১ বছর বলে জানিয়েছে মেডিকেল সূত্র ও নিরাপত্তাবাহিনী। এ অভিযানে আরেক ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়। ইসরায়েলি সেনাবাহিনী অভিযান ও সংঘর্ষের সত্যতা স্বীকার করেছে। খবর আল-জাজিরার।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরায়েলি সেনারা কালানডিয়া শিবিরে পাথর ছোড়ে। এ সময় ঘরের ছাদ থেকে এ বর্বরতা দেখছিল— এমন এক যুবককে গুলি করে সেনারা। এতে ওই যুবক নিহত হন। ইসরায়েল পাল্টা দাবি করেছে, সেনাদের ওপর বিস্ফোরক দ্রব্য ছুড়ে মেরেছিল শিবিরে বসবাসরত ফিলিস্তিনিরা।
প্রসঙ্গত, জাতিসংঘের এক পরিসংখ্যান অনুযায়ী— শুধু চলতি বছরেই পশ্চিম তীরে ৪৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলের নিরাপত্তাবাহিনী।