লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বলেছেন, জিয়াউর রহমানের নেতৃত্বেই জনগণ মুক্তিযুদ্ধে গিয়েছিল। মঙ্গলবার বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ফুল দেয়ার পর তিনি একথা বলেন।
বীর বিক্রম খেতাব পাওয়া মুক্তিযোদ্ধা অলি সরকারের সমালোচনা করে বলেন, যে স্বপ্ন নিয়ে আমরা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, তা বাস্তবায়িত হয়নি। গণতন্ত্র আজ গৃহবন্দী। আইনের শাসন বলতে কিছুই আর অবশিষ্ট নাই। মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত। এখন দেশে চার কোটি বেকার রাস্তায় রাস্তায় ঘুরছে। তাদের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হলে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানবাধিকার নিশ্চিত করতে হবে।
অলি বলেন, দেশ সবচেয়ে সংকটকালীন পরিস্থিতি পার করছে। এই অবস্থায় বুদ্ধিমত্তার পরিচয় দিতে না পারলে এমন ঘটনা ঘটতে পারে, যা কেউ আগে কল্পনা করতে পারেনি।
তবে জনগণ জিয়ার নেতৃত্বে মুক্তিযুদ্ধে গেলে বঙ্গবন্ধুসহ অন্য রাজনৈতিক নেতাদের অবস্থান কোথায়? সাংবাদিকদের এমন প্রশ্নের কোনো জবাব দেননি অলি।
