বিজিবি-মায়ানমার পুলিশ সীমান্ত সম্মেলন শুরু বুধবার

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৪, ১৯:৩১
 
বুধবার থেকে শুরু হচ্ছে চারদিন ব্যাপী বিজিবি-মায়ানমার পুলিশ সীমান্ত সম্মেলন। মায়ানমার পুলিশের ডেপুটি চীফ ব্রিগেডিয়ার জেনারেল থিং উ’র নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল এই সীমান্ত সম্মেলনে অংশ নিচ্ছেন। অপরদিকে বিজিবি’র অতিরিক্তি মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল লতিফুল হায়দারের নেতৃত্বে ১৬ সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশের পক্ষে অংশ নিচ্ছেন।
প্রথম বারের মতো গত জুন মাসে মায়ানমারের নেপিত’তে বিজিবি মহাপরিচালক এবং চীফ অব পুলিশ, মায়ানমার পুলিশ ফোর্স পর্যায়ে সীমান্ত সম্মেলনের ধারাবাহিকতায় ঢাকায় উভয় বাহিনীর মধ্যে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এবারের সীমান্ত সম্মেলনের মূল্য উদ্দেশ্য হচ্ছে দুই প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক আরও বৃদ্ধির মাধ্যমে সীমান্ত নিরাপত্তা অধিকতর জোরদার করা।
সীমান্ত সম্মেলনে বিজিবি’র পক্ষ থেকে অবৈধ মাদক ও নেশাজাতীয় দ্রব্য বিশেষ করে ইয়াবা পাচাররোধ, কোনরূপ পূর্বঘোষণা ও তথ্য প্রদান ছাড়াই সীমান্তে বিজিপি (বর্ডার গার্ড অব পুলিশ) সদস্যদের গুলি বর্ষণের ঘটনা, মায়ানমার নাগরিক কর্তৃক অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশসহ আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে। ২০ ডিসেম্বর যৌথ দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে এই সম্মেলন সমাপ্ত হবে।