স্কুল শিক্ষার্থীদের হত্যাযজ্ঞে বিশ্ব নেতৃবৃন্দের নিন্দা

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৪, ২১:২৬
 
পাকিস্তানের পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত স্কুলে তালেবান জঙ্গিদের হামলায় ১২৫ শিশু সহ ১৩১ জন নিহতের ঘটনায় বিশ্ব নেতৃবৃন্দ নিন্দা জানিয়েছেন। ফরাসী প্রেসিডেন্ট ফ্রাঙ্কোইস হল্যান্ড তার বার্তায় বলেছেন, ' স্কুল শিশুদের উপর এই ধরণের হীন হামলার নিন্দা ভাষায় প্রকাশ করা যায় না, আমি সকল নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি'।  তিনি আরো জানিয়েছেন, ফ্রান্স সরকার জঙ্গিবাদ মোকাবেলায় পাকিস্তান সরকারের পাশে থাকবে।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে এক বার্তায় মার্কিন জনগণের পক্ষ থেকে হামলার নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনার কথা জানানো হয়েছে।
জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমেয়ার তার প্রতিক্রিয়ায় এই হামলাকে 'কাপুরুষোচিত ও নির্মম' বলে আখ্যা দিয়েছেন।
মানবাধিকার সংস্থা, হিউম্যান রাইট ওয়াচের নির্বাহী পরিচালক বলেছেন, 'স্কুল ছাত্রদের উপর এমন হামলাকে কোনভাবেই ন্যায়সঙ্গত প্রমাণ করা যায় না।'
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে এক বার্তায় বলেছেন, 'ভারত দৃঢ়ভাবে এই হামলার নিন্দা জানাচ্ছে। যারা তাদের প্রিয়জন হারিয়েছে তাদের প্রতি জানাই গভীর সমবেদনা।'
এবছর শান্তিতে নোবেল বিজয়ী পাকিস্তানি নারী শিক্ষা আন্দোলন কর্মী মালালা ইউসুফজাই তার প্রতিক্রিয়ায় জানিয়েছেন, শিশুদের ওপর হামলার খবর শুনে তার মন ভেঙ্গে গেছে, হামলার তীব্র নিন্দাও জানিয়েছেন তিনি।