যুক্তরাষ্ট্রে গুলিবর্ষণে ৬ জন নিহত

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৪, ০০:৫৮

যুক্তরাষ্ট্রের পেনসিলভিনিয়ায় এক বন্দুকধারীর গুলিতে ছয় জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো একজন। মঙ্গলবার ভোর চারটার দিকে ব্রাডলি উইলিয়াম স্টোন(৩৫) নামের ঐ ব্যক্তি তার সাবেক স্ত্রী এবং স্ত্রীর আত্মীয় স্বজনদের গুলি করে হত্যা করেন। উইলিয়াম স্টোন নামের ঐ ব্যক্তি ইরাক যুদ্ধ থেকে ফিরে ‘পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে’ ভুগছেন এবং তার হাতে অস্ত্র থাকায় তিনি বিপদজনক হতে পারেন। এজন্য পুলিশের পক্ষ থেকে ঐ এলাকার লোকজনকে ঘরের দরজা বন্ধ করে বাড়িতে অবস্থান করতে বলা হয়েছে। খবর বিবিসি’র

মোন্টগোমারি জেলার পুলিশ জানিয়েছে, ব্রাডলি উইলিয়াম স্টোন নামের ঐ সন্দেহভাজন বন্দুকধারীর গুলিতে তার সাবেক স্ত্রী নিকোল স্টোন, নিকোল স্টোনের মা, নিকোল স্টোনের দাদি, নিকোল স্টোনের বোন, বোনের স্বামী এবং তার ১৪ বছর বয়সী ভাগ্নিকে গুলি করে হত্যা করে।
তিনটি পৃথক জায়গায় পৃথক হামলার ঘটনা ঘটে। ভোর চারটার দিকে সাউদারটনে নিকোল স্টোনের বোনের বাসায় হামলা করে ব্রাডলি উইলিয়াম। এসময় নিকোল স্টোনের বোন প্যাট্রিসিয়া ফ্লিক, তার স্বামী অ্যারোন ফ্লিক, তাদের মেয়ে নিনাকে গুলি করে হত্যা করে। নিকোল স্টোনের ভাগ্নে এন্থনি ফ্লিককে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপরই নিকটস্থ ল্যান্ডসডেল এলাকায় নিকোল স্টোনের মা এবং দাদিকে গুলি করে হত্যা করে ব্রাডলি উইলিয়াম। সর্বশেষ হার্লেসভিলের বাড়িতে গুলি করে হত্যা করা হয় নিকোল স্টোনকে।

খবর পেয়ে পুলিশ পেন্সবার্গ এলাকায় ব্রাডলির বাড়িতে অভিযান চালায়। কিন্তু তাকে গ্রেফতার করতে পারেনি। তার সন্ধানে আশেপাশের এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ। পেনসিলভিনিয়ার মোন্টগোমারির প্রধান আইন কর্মকর্তা রিসা ভেটরি বলেন, আমরা জানিনা ব্রাডলি স্টোন এখন কোথায় আছে। তাকে গ্রেফতারে বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত রয়েছে।