জাতিসংঘ সাধারণ পরিষদে শান্তির সংস্কৃতি বিষয়ক বাংলাদেশের প্রস্তাব গৃহীত

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৪, ০১:২৩

জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ প্রস্তাবনা সর্বসম্মতিক্রমে প্রস্তাব আকারে গৃহীত হয়েছে। নিউইয়র্কের স্থানীয় সময় সোমবার সকালে সাধারণ পরিষদের এক সভায় উপস্থিত সকল সদস্য-রাষ্ট্রের সমর্থনে এটি প্রস্তাব আকারে গৃহীত হয়। নিউইয়র্কের জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন থেকে মঙ্গলবার ঢাকায় প্রাপ্ত এক বার্তায় এ কথা বলা হয়।

এ বছর ৯৭টি দেশ বাংলাদেশের সঙ্গে এই প্রস্তাবের কো-স্পন্সর ছিল। প্রস্তাব পাশ হওয়ার পর তাত্ক্ষণিক এক প্রতিক্রিয়ায় জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড. এ, কে আব্দুল মোমেন বলেন, এই প্রস্তাবের মূল স্লোগান হচ্ছে- মানুষের অসহিষ্ণুতা ও ঘৃণা কমালে স্থায়ী শান্তি আসবে। এ বছরই প্রথম অনেকগুলো ইউরোপীয় দেশ কো-স্পন্সর করেছে। এবারের প্রস্তাবে যুবশক্তি ও নারীর জন্য কার্যপ্রক্রিয়া ও আচরণ নির্দেশনা যোগ হয়েছে।

 তিনি বলেন, দেশের রাজনৈতিক টানা পোড়েনের মাঝে এবং গণমাধ্যমের নেতিবাচক প্রচারের পরও বিশ্ব নেতৃবৃন্দের বিপুল সমর্থন এটাই প্রমাণ করে, বাংলাদেশের নেতৃত্বের প্রতি বিশ্ববাসীর গভীর আস্থা রয়েছে ।