গরুকে মানুষ পরিচালিত করলেও এবার পুলিশের ওপর খবরদারি করতে দেখা গেছে গরুকে। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের আইডাহো রাজ্যের পোকাটেলো শহরে।
তবে খবরদারিটা কিন্তু সরাসরি নয়। পোকাটেলোর পুলিশ জানিয়েছে, মাংস প্রক্রিয়াকরণের প্ল্যান্ট থেকে একটি গরু হারিয়ে যায়। এরপর ওই প্ল্যান্টের কর্তৃপক্ষ গরুর পেছনে ছোটে। ব্যর্থ হয়ে কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পুলিশ জানায়, তারা দুপুর ১২টায় একটি ফোন পায়। অপর প্রান্তের ব্যক্তিকে খুবই আতঙ্কিত মনে হচ্ছিল। এরপর পুলিশ দুটি গাড়ি নিয়ে খুঁজতে বের হয়। পুলিশ গরুকে লক্ষ্য করে দুটি গুলি চালায়। কিন্তু তারপরও থেমে থাকেনি। আহত অবস্থায় যথারীতি দৌড়াতে থাকে এবং পুলিশকেও বাধ্য হয়ে গরুর পেছনে দৌড়াতে হয়। এরপর আবারও গরুকে গুলি করা হয়। পুলিশ কর্মকর্তা ল্যান নেলসন জানিয়েছেন, গরুটি জনগণের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল। তাই বার বার গুলি করতে হয়েছে। তিনি বলেন, মানুষ গরুর লালন-পালন করে। সেই গরুই দেখছি আমাদের ওপর খবরদারি করছে। শেষ পর্যন্ত ধরা গেলেও যথেষ্ট বেগ পেতে হয়েছে পুলিশকে। - ইউপিআই
