কলকাতার হলে দেখানো হবে বাংলাদেশের সিনেমা

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৪, ০৯:২৫
 
 
এই প্রথমবার বাংলাদেশের কোনো সিনেমা মুক্তি পাচ্ছে কলকাতার প্রেক্ষাগৃহে। আগামী শুক্রবার থেকে কলকাতার সোসাইটি হলে দেখানো হবে জাকির হোসেন রাজু পরিচালিত এবং সাকিব খান অভিনীত মা আমার স্বর্গ। বাংলাদেশের মুক্তিযুদ্ধ উপলক্ষে কলকাতার প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাচ্ছে।
গতকাল মঙ্গলবার কলকাতার আকাদেমি অফ ফাইন আর্টস সভাগৃহে এই ঘোষণা দিয়েছেন অভিনেতা প্রসেনজিত, পরিচালক গৌতম ঘোষ। ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি সুদীপ্ত কুমার দাস। পরে মুক্তিযুদ্ধের ইতিহাস সাম্প্রতিক সময়ের প্রেক্ষিতে বইটির মোড়ক উন্মোচন করেন সাংবাদিক এম যে আকবর। উদ্যোগ ইন্দো-বাংলা কালচারাল সেন্টারের।
এদিকে গতকাল কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাসে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় দিবসের সূচনা করেন কলকাতায় বাংলাদেশের উপ-রাষ্ট্রদূত জকি আহাদ। সন্ধ্যায় উপ-দূতাবাসে  আলোচনাচক্রে বক্তব্য রাখেন বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব রঞ্জিত কুমার বিশ্বাস, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসকিউটর (এডিশনাল এটর্নি জেনারেল) জেয়াদ আল মামুন, ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল সংকর রায় চৌধুরী, ভাষাবিদ পবিত্র সরকার। নৃত্য পরিবেশন করেন কলকাতায় বাংলাদেশের ছাত্রছাত্রীরা। সঙ্গীত পরিবেশন করেন তিমির নন্দী, সুজিদ আকবর এবং সালমা আকবর।