স্কুল হত্যাযজ্ঞ: পাকিস্তানে চলছে শোকের মাতম

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৪, ১০:১০

পেশাওয়ারে স্কুলে তালিবান হামলাযর ঘটনায় পাকিস্তান জুড়ে চলছে শোকের মাতম। নিহতদের মধ্যে সন্তানেরা রয়েছে কি না তা দেখতে পেশাওয়ারের হাসপাতালগুলোতে ভিড় করছেন অনেকেই।
মোমবাতি প্রজ্বলন করে নিহত স্কুলছাত্রদের স্মরণ করা হচ্ছে।
প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ দেশটিতে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত ওই হামলায় স্কুলের শিক্ষার্থী ও কর্মকর্তা মিলিয়ে ১৪০ জন এবং আরও সাতজন হামলাকারী জঙ্গি নিহত হয়েছে।
পাকিস্তানি তালিবানের এক মুখপাত্র বলেছে, সেনাবাহিনী পরিচালিত ঐ স্কুলে এ হামলা করা হয়েছে মূলত উত্তর ওয়াজিরিস্তান ও খাইবার অঞ্চলে জঙ্গি-বিরোধী হামলার প্রতিক্রিয়া হিসেবে।
পাকিস্তানি সেনাবাহিনী বলছে, মঙ্গলবার মোট সাতজন জঙ্গি নিরাপত্তা বাহিনীর সদস্যের ছদ্মবেশে স্কুলটিতে ঢুকে পড়ে নির্বিচারে গুলি করে শিক্ষার্থী ও শিক্ষকদের হত্যা করতে শুরু করে। তারা প্রত্যেকেই ছিল আত্মঘাতী বোমা দ্বারা সজ্জিত। সেনাবাহিনী পাল্টা হামলা চালিয়ে জঙ্গিদের সবাইকে হত্যা করে।
স্কুলটি এখন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ঐ এলাকায় সেনাবাহিনী জঙ্গি-বিরোধী অভিযান শুরু করেছে।
বিশ্ব নেতারা পেশওয়ারে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এমনকি যে সংস্থাটির সাথে পাকিস্তানি তালিবানদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, সেই আফগান তালিবানও এই হামলার নিন্দা জানিয়ে বলেছে, মহিলা ও শিশুদেরকে হত্যা করা ইসলাম সমর্থন করেনা।
-বিবিসি বাংলা।