পাকিস্তানের পেশোয়ারে একটি স্কুলে হামলা চালিয়ে ১৩২ শিশুসহ ১৪১ জনকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে নোবেল বিজয়ী কিশোরী মালালা ইউসুফজাই।
এক বিবৃতিতে তিনি বলেন, আমি মর্মাহত এবং এই ঘটনায় আমার হৃদয় ভেঙে গেছে। ঠাণ্ডা মাথায় ঘটানো নৃশংস এই হামলার চরম নিন্দা জানাই আমি।
তিনি বলেন, এই হামলায় যেসব পরিবার ও শিশুরা আহত হয়েছে ও ভুগছে আমি তাদের পাশে আছি।
মালালা বলেন, আমাদের একসঙ্গে দাঁড়ানো উচিত ও সন্ত্রাসের বিরুদ্ধে সংগ্রাম করা উচিত। প্রত্যেক শিশুর নিরাপত্তা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে।
মঙ্গলবার সকালে খাইবার পাখতুন প্রদেশের পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত আর্মি পাবলিক স্কুলে তালেবানরা হামলায় ১৩২ শিশুসহ ১৪১ জন নিহত হয়েছে।
উল্লেখ্য, শিক্ষার প্রসারে কাজ করার জন্য মালালা নিজেও ২০১২ সালে তালেবানদের হামলার শিকার হন। স্কুল থেকে বাড়ি ফেরার সময় বাসে হামলা চালিয়ে তার মাথায় গুলি করা হয়। বর্তমানে তিনি ইংল্যান্ডে বাস করছেন। গত সপ্তাহে তিনি ভারতের কৈলাস সত্যার্থীর সঙ্গে দ্বৈতভাবে নোবেল পুরস্কার গ্রহণ করেছেন। সূত্র: বিবিসি ও এনবিসি নিউজ।
