তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়া এবং তার পুত্র ও দলের লোকেরা এই বাংলাদেশে স্বেচ্ছাচারিতা এবং ইতিহাস বিকৃতি করছে।
বুধবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফে ভোরের কাগজের দু’দিনব্যাপী প্রতিনিধি সম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, কে জাতির পিতা আর কে গাছের পাতা এটা দেশের জনগণ জানেন। বঙ্গবন্ধুই জাতির পিতা, প্রথম রাষ্ট্রপতি। তিনিই প্রথম স্বাধীনতার ঘোষণা দেন। এজন্যে ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। সেজন্যে বাংলাদেশের মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ অবস্থায় খালেদা জিয়া এবং তার পুত্রদের ইতিহাস বিকৃতি পাকিস্তানিদের কথা মনে করিয়ে দিচ্ছে।
তিনি বলেন, এ ধরনের মিথ্যাচার দিয়ে খালেদা ও তারেক কার্যত বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা দিবস এবং শহীদদের খাটো করছে, অপমান করছে। এই অপমান জাতির অপমান, মুক্তিযুদ্ধের অপমান। এই অপমান বন্ধ করুন।
মন্ত্রী বলেন, বিএনপি দেশে গণতন্ত্র নাই বলে চিত্কার করছে। তারা বলছে, গণতন্ত্র করারুদ্ধ। বাস্তবে গণতন্ত্র নয়, যুদ্ধাপরাধী ও জঙ্গিরাই কারারুদ্ধ। খালেদা জিয়ার আক্ষেপ গণতন্ত্রের জন্য নয়। তার এই কান্না যুদ্ধাপরাধী এবং জঙ্গিদের জন্য।
ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তের সভাপতিত্বে এতে জেলা প্রতিনিধি সালেহ এলাহি কুটি প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়াও সিলেট জেলা জাসদ সভাপতি লোকমান আহমদ, মৌলভীবাজার জেলা জাসদ সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন নজরুল, মৌলভীবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক এসএম উমেদ আলী উপিস্থত ছিলেন। এতে ভোরের কাগজের জেলা ও উপজেলা প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
