‘অভিবাসন প্রতারণারোধে আরো উদ্যোগ নিতে হবে’

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৪, ১৮:৩৬
 
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বৈদেশিক কর্মসংস্থান ব্যবস্থাপনায় উন্নয়ন সাধন এবং নিরাপদ অভিবাসন প্রক্রিয়া সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি বৈদেশিক কর্মসংস্থান কার্যক্রম ত্বরান্বিত করবে। প্রবাসী কর্মীদের জন্য কর্মের সুযোগ সৃষ্টিতে নতুন শ্রমবাজার অনুসন্ধান এবং প্রতারণারোধে আরো উদ্যোগ গ্রহণ করতে হবে।
বুধবার আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০১৪’র বাণীতে তিনি এ কথা বলেন।
বিশ্বের বিভিন্ন প্রান্তে কর্মরত বাংলাদেশীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, অভিবাসী ভাইবোনেরা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এ জন্য তাদের সার্বিক কল্যাণ নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় অভিবাসনের ক্ষেত্রে প্রতারণারোধ, অভিবাসন ব্যয়হ্রাস, প্রশিক্ষণ, ঋণপ্রাপ্তিতে বিশেষায়িত প্রবাসী কল্যাণ ব্যাংক গঠন, ডিজিটাল পদ্ধতি চালুসহ সেবা প্রাপ্তি সহজীকরণের মাধ্যমে অভিবাসীর অধিকার নিশ্চিত করতে সরকার নিরলস কাজ করে যাচ্ছে।
অভিবাসী কর্মীদের অধিকার সংরক্ষণ, কল্যাণ সাধন, উদ্ভূত বিভিন্ন সমস্যার সমাধানসহ তাদের সার্বিক কল্যাণে সহযোগিতা প্রদানে কার্যকর অবদান রাখার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি রাষ্ট্রপতি আহ্বান জানান।