রওশন এরশাদের সঙ্গে বিদায়ী সাক্ষাত্

শিক্ষার মান বাড়লে বাংলাদেশের ভবিষ্যত্ ভালো: মজীনা

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৪, ১৯:০৭
 
 
 
 
বাংলাদেশস্থ মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, ‘বাংলাদেশ পরিবার পরিকল্পনা ও গার্মেন্টস খাতে খুবই ভালো করছে। বাংলাদেশ এখন রাইজিং টাইগার। তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের বিশ্বে এক নম্বর অবস্থানে যাওয়ার সুযোগ রয়েছে। তবে বাংলাদেশের শিক্ষার মান বাড়ানো সম্ভব হলে দেশটির ভবিষ্যত্ আরো উজ্জ্বল।’ বুধবার বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের সঙ্গে তার গুলশানের বাসায় বিদায়ী সাক্ষাত্কালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
বিকাল সাড়ে ৪টা থেকে প্রায় ৪০ মিনিট স্থায়ী এই সাক্ষাত্কালে রওশন এরশাদ বাংলাদেশকে জিএসপি-সুবিধা ফিরিয়ে দিতে বিদায়ী রাষ্ট্রদূতের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান। রাষ্ট্রদূত তাকে বলেন, এ সমস্যার সমাধানে তার পক্ষ থেকে সর্বোচ্চ আন্তরিকতা থাকবে। ড্যান মজীনা আরো বলেন, ‘আমি বাংলাদেশের প্রতিটি জেলায় ঘুরেছি। দেখেছি— এখানকার মানুষগুলো কী চমত্কার। শিক্ষকদের প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে পারলে শিক্ষার মান বাড়বে। তাহলে বাংলাদেশ আরো এগিয়ে যাবে।’
জাপার সাবেক মহাসচিব এ বি এম রহুল আমিন হাওলাদার, বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী, জাপার এমপি ফখরুল ইমাম ও সেলিম উদ্দিন এবং বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।