যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় হবে: মজীনা

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৪, ১২:০১
 
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী সাক্ষাত্ করছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। রাজধানীর গুলশানে চেয়ারপারসনের বাসভবনে বুধবার সন্ধ্যায় এই সাক্ষাত শেষে মজীনা সাংবাদিকদের বলেন,গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধীদলের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আর গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য দেশে সব দলের যথেষ্ট রাজনৈতিক সুযোগ থাকা দরকার। ড্যান ডব্লিউ মজিনা বলেন,বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো দৃঢ় হবে। বাংলাদেশের ৬৪ জেলা ঘুরে আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি তা বিএনপি চেয়ারপারসনের সঙ্গে শেয়ার করেছি। এখানকার মানুষ খুব ভালো। এখানে থেকে উপভোগ করেছি।শিক্ষা, স্বাস্থ্য, কৃষিতে বাংলাদেশ যে বিপ্লব ঘটিয়েছে তাতে আমি অভিভূত। গণতন্ত্র শক্তিশালী করতে বিরোধী দলের ভূমিকা থাকা দরকার। সকল রাজনৈতিক দলকে শান্তিপূর্ণভাবে রাজনীতি করার সুযোগ থাকতে হবে।
বৈঠকে ড্যান ডব্লিউ মজিনার স্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন এবং দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী।
উল্লেখ্য,২০১১ সালের ২৪ নভেম্বর মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ঢাকায় দায়িত্বে আসেন ড্যান ডব্লিউ মজিনা। এর আগেও ১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি বাংলাদেশে মার্কিন দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক কনস্যুলার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তবে রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে আসার আগেই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়ার কলেজে অধ্যাপনা করতেন মজিনা। মাত্র এক বছর সেখানে ছিলেন। বাংলাদেশ থেকে ফিরে তিনি আবারো সেই অধ্যাপনায় যোগ দিচ্ছেন।