ভারতে আগামী মাসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সফরকালে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বা হামলা চালাতে পারে এই আশঙ্কায় দেশজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। বিদেশি একটি গোয়েন্দা সংস্থাও এধরনের আশঙ্কার কথা ভারত সরকারকে জানিয়েছে। এদিকে জঙ্গি সংগঠনটির প্রতিষ্ঠাতা হাফিজ সাইদ গতকাল পাকিস্তানের একটি টেলিভিশনে ভারতে হামলার হুমকি দিয়েছেন। ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ওবামার। খবর এনডিটিভি’র।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং গতকাল বুধবার জানিয়েছেন, পাকিস্তানের পেশোয়ারে স্কুলে মঙ্গলবারের হামলার পর প্রতিটি রাজ্য সরকারকে কঠোর নিরাপত্তা গ্রহণ করার নির্দেশনা দেয়া হয়েছে। শপিং মল এবং স্কুলসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় এই নিরাপত্তা গ্রহণ করা হবে। গত অক্টোবরে মধ্যপ্রদেশের কারাগার থেকে পালানো পাঁচ জঙ্গির ব্যাপারে সতর্কতা অবলম্বন করছেন গোয়েন্দারা। এসব জঙ্গির সঙ্গে লস্কর-ই-তৈয়বার নেতাদের ফোনালাপ থেকে জানা গেছে, জঙ্গি সংগঠনটি তাদের হামলার দায়িত্ব দিয়েছে। ২০০৮ সালে মুম্বাই হামলার জন্য এই গোষ্ঠীটিকে দায়ী করা হয়। ওই হামলায় ১৬৬ জন নিহত হন। পেশোয়ার স্কুলে হামলার পর ভারতের স্কুলগুলোতে দুই মিনিটের নীরবতা পালন করা হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে ফোনে কথা বলেছেন। মোদী সন্ত্রসাবাদ মোকাবেলায় নওয়াজ শরীফকে যে কোনো ধরনের সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছেন। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল গতকাল ভারতের পাকিস্তানি হাইকমিশনারের সঙ্গে বৈঠক করেছেন। তিনি হাইকমিশনারকে বলেন, ভারত পাকিস্তানের জনগণের পাশে আছে। সন্ত্রাসীদের সঙ্গে যুদ্ধে যা কিছু করা দরকার তার সবই করবে ভারত।
