নাইজেরিয়ায় ৫৪ সৈন্যকে মৃত্যুদণ্ড

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৪, ১২:৩৫
 
নাইজেরিয়ার ইসলামি জঙ্গি সংগঠন বোকো হারামের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিতে অস্বীকৃতি জানানোয় ৫৪ সৈন্যকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি কোর্ট মার্শাল। বুধবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ঐ সৈন্যদের বিদ্রোহী বলে দোষী সাব্যস্ত করা হয়েছে। আগস্টে বোকো হারামের দখল করে নেয়া তিনটি শহর পুনরুদ্ধারের অভিযানে অংশ নিতে অস্বীকৃতি জানানোয় তাদের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়। তবে সৈন্যরা তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে।
সৈন্যদের একজন আইনজীবী জানিয়েছেন, ৫৪ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং পাঁচজনকে খালাস দেয়া হয়েছে।
সৈন্যরা অভিযোগ করেছে, বোকো হারামের বিরুদ্ধে লড়াই করতে তাদের যথেষ্ট অস্ত্র ও গোলাবারুদ দেয়া হয়নি।
গত অক্টোবর থেকে মার্শাল কোর্টে বিচার শুরু হয়। এই আদেশের বিষয়ে কোনো সামরিক কর্মকর্তা কথা বলতে রাজি হননি।
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে একটি ‘ইসলামি রাষ্ট্রের’ প্রতিষ্ঠা করতে ২০০৯ সাল থেকে বোকো হারাম বিদ্রোহ চালিয়ে আসছে। চলতি বছরে তাদের হামলায় দুই হাজার মানুষ নিহত হয়েছে বলে দাবি করা হয়।