তারেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৪, ১১:৪৯
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন ঢাকার মহানগর হাকিম ইউনূস খান। লন্ডনে একটি অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজাকার’ বলায় তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন আদালতে বেশ কয়েকটি মামলা হয়েছে। এগুলোর মধ্যে একটিতে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থক চারজন বৃহস্পতিবার কুমিল্লা, চট্টগ্রাম ও ঢাকার হাকিম আদালতে এসব মামলা দায়ের করেন।
এর মধ্যে মোস্তাফিজুর রহমান দুলাল নামের এক আইনজীবীর করা মানহানির মামলায় এ গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেয়া হয়েছে।
মামলার বাদী দুলাল তার আর্জিতে মানহানির পাশাপাশি রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনলেও এ ধরনের মামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন হয় বলে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আদালত আমলে নেয়নি।
বাদীর অভিযোগ, গত সোমবার লন্ডনের ওই অনুষ্ঠানে তারেক বঙ্গবন্ধুকে রাজাকার বলায় মানহানি হয়েছে।
ঢাকার আদালতে একই অভিযোগে আরেকটি মামলা করেছেন হকার্স লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান। তারেকের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মো. নাসিরউদ্দিন, যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী ও কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক মাজেদুর রহমানকেও বিবাদী করেছেন তিনি। তারাও সেদিন তারেকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।