জি এম কাদেরকে ঘিরে জাপায় পৃথক বলয়!

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৪, ১৮:৩৭
 
 
 
এইচ এম এরশাদের ছোট ভাই জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য জি এম কাদেরকে ঘিরে দলটিতে পৃথক একটি বলয় সৃষ্টি হয়েছে। এ বলয়ের সঙ্গে সংশ্লিষ্টরা এত দিন অপ্রকাশ্যে কার্যক্রম চালালেও এবার প্রকাশ্য হয়েছেন। বিজয় দিবস উপলক্ষে এরশাদ রাজধানীর কাকরাইলে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা করেন। তবে অনুসারীদের নিয়ে আগের দিন পৃথক আলোচনা সভায় যোগ দেন জি এম কাদের, তিনিসহ অন্যরা এরশাদের অনুষ্ঠানে যাননি।
জি এম কাদেরকে প্রধান অতিথি করে বিজয় দিবসের বিকালে রাজধানীর বিমানবন্দর কাউলার বাজারে এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় সাংস্কৃতিক পার্টির ঢাকা মহানগর উত্তর শাখা। এই অনুষ্ঠানে যোগ দেন জাপার মহাসচিব পদ থেকে বাদপড়া এ বি এম রুহুল আমিন হাওলাদার এবং এরশাদের বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজ। এ ছাড়া, সেখানে ছিলেন— জাতীয় সাংস্কৃতিক পার্টির সাধারণ সম্পাদক নাজমূল হোসেন, মত্স্যজীবী পার্টির সভাপতি সোমনাথ দে এবং জাতীয় মুক্তিযোদ্ধা পার্টির সাধারণ সম্পাদক নাজিমউদ্দিন গেরিলাসহ কয়েকজন।
ওই অনুষ্ঠানে জি এম কাদের বলেছেন, ‘৫ জানুয়ারির নির্বাচন গনতন্ত্রের জন্য হোঁচট। বর্তমান নির্বাচিত জনপ্রতিনিধি নিয়ে অভিযোগ ও সংশয় আছে। ওই নির্বাচনে আমরা ভোট দিতে পারিনি। তফসিল শুনেছি আর ফলাফল দেখেছি। অভিযোগ রয়েছে ফলাফল নাকি আগে থেকেই তৈরি করা ছিল। এ নির্বাচনের মাধ্যমে যে গণপ্রতিনিধির সৃষ্টি হয়েছে, তারা আদৌও নির্বাচিত কিনা, তা নিয়েও দেশে-বিদেশে প্রশ্ন রয়েছে।’
জি এম কাদের বলেন, ‘জবাবদিহি না থাকলে গণতন্ত্র থাকে না, থাকে না বাক-স্বাধীনতাও। জবাবদিহিহীনভাবে রাষ্ট্র পরিচালনা হতে থাকলে একনায়কতন্ত্রের সৃষ্টি হয়। আমরা কি সে দিকেই যাচ্ছি? এ অবস্থা অব্যাহত থাকলে দেশ অন্ধকার গহ্বরে চলে যাবে।’
মহাসচিবের পদ থেকে বাদ পড়ার পর প্রথমবারের মতো দলের আংশিক এ অনুষ্ঠানে কথা বলেছেন রুহুল আমিন হাওলাদার। তিনি বলেন, ‘২৪ বছর ক্ষমতার বাইরে থেকে এরশাদের সুখে-দুখে তার পাশে ছিলাম। আমার কাছে মন্ত্রী বা দলের মহাসচিব পদ বড় নয়। যত দিন বেঁচে আছি, এরশাদের পতাকাতলেই রাজনীতি করে যাব।’
আর এরশাদের সঙ্গে পাঁচ জানুয়ারির নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নেয়া ববি হাজ্জাজ সে সময়ের ঘটনাপ্রবাহ তুলে ধরে বলেন, ‘গত বছরের এ বিজয় দিবসের দিনেই এরশাদের পক্ষে কথা বলার অপরাধে আমাকে দেশ ছাড়তে হয়েছিল।’
জানা গেছে, জি এম কাদেরকে ঘিরে সৃষ্ট জাপার এ বলয়টির অবস্থান কার্যত দলের কিছু নেতার বিরুদ্ধে। এরশাদের বিরুদ্ধে তাদের অভিযোগ না থাকলেও ওই সব নেতার সঙ্গে দূরত্বের কারণেই এ পৃথক অবস্থান। এ বলয়ের কারো কারো অবস্থান রওশন এরশাদের বিরুদ্ধেও।