ফাঁসির রায়ের বিরুদ্ধে মোবারকের আপিল

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৪, ১৮:৪৭
 
 
 
 
 
 
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করেছেন আওয়ামী লীগের সাবেক নেতা মো. মোবারক হোসেন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আপিল দায়ের করা হয়। আপিলে ট্রাইব্যুনালের রায় বাতিল করে তাকে বেকসুর খালাস দেয়ার আবেদন জানানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক এই নেতাকে মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ২৪ নভেম্বর মৃত্যুদণ্ড দেয় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১। তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনীত পাঁচটি অভিযোগের মধ্যে দুটি প্রমাণিত হয়। এর মধ্যে এক নম্বর অভিযোগে মোবারককে ফাঁসির আদেশ দেয় ট্রাইব্যুনাল। ওই অভিযোগে বলা হয়, একাত্তরের ২২ আগস্ট মোবারক ও অন্য রাজাকারেরা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার টানমান্দাইল গ্রামের ২৬ জন ও জাঙ্গাইল গ্রামের সাতজনকে বাছাই করে তেরোঝুড়ি হাজতখানায় নিয়ে যান। ২৩ আগস্ট পাকিস্তান সেনা ও রাজাকারেরা ওই ৩৩ জনকে দিয়ে গঙ্গাসাগর দীঘির পশ্চিম পাড়ে গুলি করে হত্যা করে মাটিচাপা দেয়।
ট্রাইব্যুনালের এই রায়ের বিরুদ্ধে বৃহস্পতিবার মোবারক হোসেনের পক্ষে আপিল করেন অ্যাডভোকেট অন রেকর্ড জয়নাল আবেদিন তুহিন। ৮২ পৃষ্ঠার মূল আপিলের সঙ্গে ৮৬২ পৃষ্ঠার নথিপত্র দাখিল করা হয়েছে। আর আইনগত যুক্তি তুলে ধরা হয়েছে ৭৭টি।