বিএনপি খালি কলস আর তারা পাগলের প্রলাপ বকছে উল্লেখ করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি জনবিচ্ছিন্ন হয়ে এখন পাগলের প্রলাপ বকছে। কথায় আছে শূন্য কলস বাজে বেশি।
বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ের প্রাঙ্গণে পরিষদের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষ্যে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, জিয়াউর রহমান ৫৪ জন যুদ্ধাপরাধীর ফাঁসির দণ্ড মওকুফ করেছিল। মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে ক্ষমতায় বসানো হয়েছিল। আর তার স্ত্রী রাজাকারদের নিয়ে সরকার গঠন করলে অবাক হওয়ার কিছু নেই। ১৫ আগস্টের পর অনেক মুক্তিযোদ্ধা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলতে ভুলে গিয়েছিল। জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা সংসদ ভাঙার দুরভিসন্ধি করেছিল কারণ মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ থাকলে স্বাধীনতা বিরোধীদের নিয়ে ক্ষমতায় থাকতে পারতেন না। সাম্প্রদায়িক রাজনীতিরও সুযোগ করে দিয়েছিলেন জিয়াউর রহমান। যার ফলে গোলাম আজম দেশে ফিরে রাজনীতি করতে পেরেছে। খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান স্বাধীনতা বিরোধীদের নিয়ে রাজনীতি করছেন। তারা ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করেছিল। তাদের আন্দোলনের নাম শুনলে দেশের মানুষ এখন ভয় পায়। কারণ তারা আন্দোলনের নামে ঘুমন্ত মানুষকে আগুনে পুড়িয়ে মারে, শত শত মানুষকে পেট্রোল বোমা দিয়ে হত্যা করে, রেললাইন উপড়ে ফেলে মানুষ হত্যা করে। হাজার হাজার গাছ কেটে পরিবেশ বিনষ্ট করে।
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আবদুল হাই এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নারী সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বাবলী, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোহাম্মদ আলী, নারায়ণগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস।
