১০ টাকার হিসাবধারী কৃষকদের মাঝে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিল থেকে ঋণ বিতরণ শুরু হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে এ ঋণ বিতরণ কার্যক্রম শুরু হয়।
বাংলাদেশ ব্যাংকের গ্রিন ব্যাংকিং এন্ড সিএসআর ডিপার্টমেন্ট, ট্রাস্ট ব্যাংক ও ক্ষুদ্রঋণদানকারী প্রতিষ্ঠান সজাগ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান।
অনুষ্ঠানে গভর্নর বলেন, আর্থিক সেবাবঞ্চিত তৃণমূলের জনগোষ্ঠীকে প্রাতিষ্ঠানিক আর্থিক সেবাভুক্তির আওতায় আনার লক্ষ্যে দেশের কৃষক, গার্মেন্টস শ্রমিকসহ নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের জন্যে মাত্র ১০ টাকায় ব্যাংক হিসাব খোলার সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এরই ধারাবাহিকতায় ১০ টাকার হিসাবধারী ক্ষুদ্র, প্রান্তিক,ভূমিহীন কৃষকসহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের পেশাজীবী এবং প্রান্তিক, খুদে ব্যবসায়ীদের সহজ শর্তে ঋণ দেয়ার ব্যবস্থা করা হয়েছে।
গভর্নর বলেন, ১০ টাকার হিসাবগুলো সচল রাখার মাধ্যমে গ্রামীণ অর্থনৈতিক গতিশীল করাও এ তহবিলের অন্যতম উদ্দেশ্য। এ ঋণ সুবিধা সম্পূর্ণ জামানতবিহীন। মূলত ঋণগ্রহীতাদের পেশাগত দক্ষতা ও কায়িক শ্রমের মানসিকতাই হচ্ছে এ ঋণের মূল জামানত।
প্রসঙ্গত, ১০ টাকার হিসাবধারীদের জন্য বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ২০০ কোটি টাকার একটি আবর্তনশীল পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে। দেশে কার্যরত ব্যাংকগুলো এ তহবিলের অর্থ ব্যবহার করতে পারবে। এ পর্যন্ত ৩২টি ব্যাংক ১৩৯ কোটি টাকা ব্যবহারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ট্রাস্ট ব্যাংক এ পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় বাংলাদেশ ব্যাংকের সাথে দুই কোটি টাকার ঋণ চুক্তি করেছে। এ চুক্তির অংশ হিসেবে তারা কৃষিভিত্তিক ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান ‘সজাগ’ এর সাথে অংশীদারিত্বের মাধ্যমে ১০ টাকার হিসাবধারী কৃষকদের মাঝে দেড় কোটি টাকা ঋণ বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে।
গ্রিন ব্যাংকিং এন্ড সিএসআর ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক আবুল মনসুর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস, কে, সুর চৌধুরী, ক্ষুদ্রঋণ সংস্থা ‘সজাগ’ এর পরিচালক আব্দুল মতিন, ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক আহমেদ চৌধুরীসহ বাংলাদেশ ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ও সজাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
