পেপ গার্দিওলার পদাঙ্ক অনুসরণ করে একদিন বার্সেলোনার কোচের দায়িত্বে নিজেকে দেখার আগ্রহ প্রকাশ করেছেন মিডফিল্ডার জাভি। নব্বইয়ের দশকের শেষ দিকে বর্তমানের বায়ার্ন মিউনিখের বস গার্দিওলার স্থানেই ক্যাম্প ন্যুতে খেলতে এসেছিলেন ৩৪ বছর বয়সী জাভি।
বিশ্বকাপের পরে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর পরে এখন ক্লাব ফুটবল থেকেও অবসরের অপেক্ষায় রয়েছেন। আর একবার বুট তুলে রাখার পরে দলকে পরিচালনা করার পরিকল্পনা এখন থেকেই করে ফেলেছেন স্প্যানিশ এই তারকা। গার্দিওলার মতোই একদিন বার্সেলোনাকে ‘জাভির বার্সা’ হিসেবে বিবেচনা করা হবে কিনা এমন প্রশ্নের উত্তরে কোনো রাখঢাক না রেখেই তিনি বলেছেন, ‘আশা করছি। যেভাবেই হোক না কেন আমি এই বাড়িতেই থাকতে চাই। এটা স্পষ্ট যে আমার ক্যারিয়ার আর বেশিদিন বাকি নেই। আমার শরীরও আর অনুমোদন দিচ্ছে না। যেকোনো ইনজুরি থেকে সুস্থ হতে সময় লাগছে। প্রতি তিনদিনে আমার জন্য মাঠে নামা এখন কষ্ট হয়ে যাচ্ছে।’
তিনি আরো বলেছেন, বার্সেলোনার দিকে তাকালে দেখা যাবে এখানে বেশিরভাগ খেলোয়াড়ই দশ বছর ধরে নিজেদের ক্যারিয়ার ধরে রেখেছে যাদের মধ্যে সার্জিও বাসকোয়েট, সার্জি সাম্পার, আন্দ্রেস ইনিয়েস্তা, রাফিনহা অন্যতম। একবার ক্লাব ছেড়ে গেলে সেখানে পুনরায় ফিরে আসা কঠিন হয়ে পড়ে। কিন্তু স্প্যানিশ জাতীয় দলের দিকে তাকালে দেখা যাবে সেখানে দারুণভাবে সব প্রতিভার জন্ম হচ্ছে।
এসব কিছুর মধ্যে জাভি রিয়াল মাদ্রিদ গোলরক্ষক ইকার ক্যাসিয়াসের সাথে হোসে মরিনহোর আমলে ক্রমেই খারাপের দিকে যাওয়া সম্পর্কের ব্যপারেও কথা বলেছেন। তিনি বলেন আমরা বিষয়টি বুঝতে পেরেছি। আমাদের উভয়ের ক্লাবের জন্যই বিষয়টি খুব খারপ হচ্ছিল। আমরা নিজ নিজ ক্লাব সতীর্থদের সাথে আলোচনা করে বিষয়টি সমঝোতা করার সিদ্ধান্ত নেই। বিশ্ব ফুটবলের ইমেজের জন্যও এই ধরনের ঘটনা মোটেই কাম্য নয়। সারা বিশ্বের অনেক ছোট ছোট বাচ্চা আমাদের অনুসরন করে।
