কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় দুর্নীতি করছে: শিক্ষামন্ত্রী

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৪, ১৯:৫৬
 
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনিয়ম, দুর্নীতি, বেআইনি ক্যাম্পাস স্থাপন ও মুনাফা অর্জনকে নিজেদের সংকীর্ণ স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করছে। তাদের বিরুদ্ধে চাপ অব্যাহত রেখেও সঠিক ধারায় আনা কঠিন হয়ে  পড়েছে। এ জন্য তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ছাড়া আর কোনো পথ খোলা নেই।
বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরায় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি-বাংলাদেশ (আইইউবি) এর ১৬ তম সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী  বলেন, শিক্ষার পাশাপাশি আমাদের নতুন প্রজন্মকে দায়িত্বশীল দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। ব্যবসা ও মুনাফার চিন্তা ত্যাগ করে জনকল্যাণে, সেবার মনোভাব ও শিক্ষার জন্য অবদান রাখার দৃষ্টিভঙ্গি নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে।
এসময় তিনি দেশের বাস্তবতা ও আর্থ-সামাজিকত অবস্থা বিবেচনা করে বেসরকারি বিশ্বদ্যাবিদ্যালয়ের ভর্তি ও টিউশন ফি নির্ধারণ করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয় আচার্যের অনুমতিক্রমে সমাবর্তন অনুষ্ঠানে তিনি সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আইইউবি’র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ড. এ মজিদ খান।
সমাবর্তনে স্নাাতক পর্যায়ে ৭২৯ জন এবং স্নাাতকোত্তর পর্যায়ে ৪৩৪ জনসহ সর্বমোট এক হাজার ১৬৩ জন শিক্ষার্থী ডিগ্রী অর্জন করেন।
শিক্ষার্থীদের মধ্যে পাঁচজন তাদের শিক্ষাজীবনে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি-স্বরূপ রাষ্ট্রপতির স্বর্ণপদক লাভ করেন।
তারা হলেন, স্নাতক পর্যায়ে মাইশা আয়েশা এবং স্নাাতকোত্তর পর্যায়ে তানজিনা আহমেদ চৌধুরী, রাজিবুল হাসান, আলী আশরাফ মোল্লা, আজমিনা পান্জাওয়ানী এবং নাবিলা রহমান। মাইশা আয়েশা সর্ব্বোচ্চ নম্বর পেয়ে এই সমাবর্তনের ‘ভ্যালিডিকটোরিয়ান’ হবার গৌরব লাভ করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আইইউবি’র বোর্ড অফ ট্রাস্ট্রিজের চেয়ারম্যান রাশেদ চৌধুরী, প্রতিষ্ঠাতা-ট্রাস্টের চেয়ারম্যান সাইফুর রহমান, বিশ্ববিদ্যালয়েল উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান ও উপ-উপাচার্য অধ্যাপক মিলান পাগন।