গুলি চালিয়ে আন্দোলন দমনের বিরুদ্ধে সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, যে কোন সময় ডাক পড়বে, সকলকে রাজপথে নামতে হবে। এবার আর রাজপথ খালি থাকবে না। এবার যদি একটা গুলি চলে তাহলে জবাব দিতে আমরা প্রস্তুত। গুলি,বোমা,গুম,খুন সব কিছুকে উপেক্ষা করে এবার আন্দোলনে নামবে জনগণ।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে খালেদা জিয়া বলেন,যা বলেন, নিজের জিহ্বা ঠিক করেন, নিজের মুখটা সামাল দেন। জিহ্বাটা একটু সংযত করুন,সুন্দর করুন। যে ভাষায় কথা বলেন, স্বঘোষিত প্রধানমন্ত্রীর মুখে তা মানায় না। আমি বলবো আপনিও ভালো থাকুন রাজনীতি করুন। জনগনের আন্দোলনে বাধা দিবেন না। গুলি চালালে জবাব পাবেন। আর ছাত্রলীগ-যুবলীগের মতো গুণ্ডালীগকে সামলান। এতে দেশের মানুষ অন্তত কিছুটা হলেও শান্তি পাবে। আমরা আমাদের ছেলেদের এ রকম শিক্ষা দেই না। সততাই সবচেয়ে বড়। জিয়াউর রহমানের দল করতে হলে তার আদর্শ মানতে হবে। কেউ ব্যতিক্রম হলে তার বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থ নিয়ে থাকি।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘৯০-এর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (ডাকসু) এবং তত্কালীন সর্বদলীয় ছাত্রঐক্যের’ উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ছাত্র কনভেনশনে তিনি এ কথা বলেন।
সরকার বিরোধী আন্দোলন চাঙ্গা করতে এ কনভেনশন আয়োজন করা হয়। কনভেনশন শুরু হয় সকাল ১১টায়। কনভেনশনে সারাদেশ বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত সাবেক ও বর্তমান ছাত্রনেতারা যোগ দেন।এতে সভাপতিত্ব করেন ডাকসুর সাবেক ভিপি ও বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান। পরিচালনা করছেন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ডাকসুর সাবেক জিএস খায়রুল কবীর খোকন।
খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ ‘শূন্য’ সমর্থন নিয়ে ক্ষমতায় বসে এখন দেশের ইমেজ নষ্ট করছে। আমাদের গালি-গালাজ করতে করতে এখন বিদেশিদেরও গালি-গালাজ করতে শুরু করেছে। যা মুখে আসে তাই বলতে শুরু করেছে। আমরা যা বলি, সত্য বলি, তথ্য প্রমানের ভিত্তিতে বলি।
বেগম জিয়া বলেন,দেশ আজ এক অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে রয়েছে। বড় বড় ব্যবসায়ীরা ব্যবসা-বাণিজ্য গুটিয়ে বিদেশ চলে যাচ্ছেন। আর বিদেশি বিনিয়োগকারীরা দেশে বিনিয়োগ করতে ভয় পাচ্ছেন। অর্থমন্ত্রী নিজেই স্বীকার করে বলেছেন,আমরা ব্যর্থ হয়েছি। আমরা অর্থ অর্থমন্ত্রী একা নন,তিনি বুঝিয়েছেন এই অবৈধ, অনির্বাচিত সরকরকে।
সকলকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন, আমি ছাত্র নেতাদের
বলবো শুধু তালি বাজিয়ে শ্লোগান দিলে আর গালি দিলে হবে না। ঢাকাকে দোষ না দিয়ে সকলকে প্রস্তুত থাকতে হবে। এবারের আন্দোলনে ঢাকার খালি থাকবে না। সকলকে প্রস্তুত থাকতে হবে।
কনভেনশনে উদ্বোধনী বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু প্রমুখ।
