স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বিএনপিকে ডুবাতে বেগম জিয়ার দুর্নীতির বরপুত্র তারেক জিয়াই যথেষ্ট। বিদেশে বসে স্বাধীনতা ও বঙ্গবন্ধু সর্ম্পকে কটূক্তি করে হিরো হইতে চাইছেন। দেশের মাটিতে এলে জনগণই তার জবাব দেবে।’ বৃহষ্পতিবার ঢাকার দোহার নবাবগঞ্জ কলেজ এন্ড বিশ্ববিদ্যালয় চত্বরে নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সম্মেলনের প্রথম অধিবেশনে স্বাস্থ্য মন্ত্রী বিএনপি চেয়ারর্পাসন খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, ‘জামায়াতকে নিয়ে যতই লাফালাফি করেন ২০১৯ সালের একদিন আগেও এ দেশে নির্বাচন হবে না। সাহস থাকে তো আসেন ২০১৯ সালেই মাঠে খেলা হবে। সেখানেও শেখ হাসিনা চ্যাম্পিয়ন হয়ে হ্যাটট্রিক করবে।’
নাসিম বলেন, ‘বিজয়ের মাস ডিসেম্বর আমাদের ইতিহাস ঐতিহ্যের স্বাক্ষর। আমরা এখনো যুদ্ধের মধ্যে আছি। ৫ জানুয়ারির নিবার্চনের আগে ও পরে বিএনপি জামায়াত দেশে আন্দোলনের নামে গণতন্ত্রকে হত্যার জন্য রাজপথে শুধু মানুষই মারেনি। সেই সাথে অগ্নিসংযোগ করে ঘর-বাড়ি পুড়িয়ে লুটপাটসহ গাছপালা ও পশু হত্যা করতেও ক্ষ্যান্ত হয়নি।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে সম্মেলন উপস্থিত ছিলেন সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এ কে এম এনামুল হক শামীম, সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন, জাতীয় কমিটির নেতা আব্দুল বাতেন মিয়া, ঢাকা জেলা সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ।
