লন্ডনে বসে শব্দ বোমা মেরে লাভ হবে না :সেতু মন্ত্রী

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৪, ২৩:৩৭

লন্ডনে বসে শব্দ বোমা মেরে লাভ হবে না। ক্ষমতা থাকলে মাঠে এসে আন্দোলন করুন। মাঠে তো নেতারাই নেই কর্মীরা আসবে কোথা থেকে। আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন হতাশ। তাদের আস্ফাালন মুখ থুবড়ে পড়েছে। বৃহস্পতিবার উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের রাজাবাড়ী বাজারে অবস্থিত ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পারুলি নদীর ওপর সাড়ে ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজের উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, বর্তমান সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। ২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবেই। বিএনপি’র নেতা তারেক রহমান লন্ডনে বসে থেকে শব্দ বোমা ফাটাচ্ছেন, এতে কোনো লাভ হবে না। আন্দোলনের ঘোষণা দিয়ে বিএনপি’র নেতারা মাঠে থাকেন না।

মন্ত্রী বলেন, বাংলার মাটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অপমান সহ্য করা হবে না। এদেশের মানুষ বঙ্গবন্ধুকে অপমানকারীদের দাঁত ভাঙ্গা জবাব দেবে। আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন হতাশায় পড়েছে। মানুষের শক্তি যত কমে আসে তার মুখের বিষ তত বেড়ে যায়। বিএনপি শক্তিহীন হয়ে তাদের মুখের বিষ ছড়াচ্ছে, যা ফরমালিনের চেয়েও ভয়াবহ। তাদের বক্তব্যে বিচলিত হওয়ার কিছু নেই। মন্ত্রী দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দলকে সুসংগঠিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মো: রহমত আলী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদেকুর রহমান, উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব এড. সামসুল আলম প্রধান, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুলবুল, পৌর আ’লীগের  সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম প্রমুখ।

কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা: বিকালে মন্ত্রী বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দিন আহমদের গ্রামের বাড়ি কাপাসিয়ার দরদরিয়া মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন। উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় মুহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, আজগর রশিদ প্রমুখ।