উত্তর কোরিয়াকে আন্তর্জাতিক আদালতে আহ্বান: সাধারণ পরিষদ

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৪, ১৮:৫০
 
 
 
মানবাধিকারের বিরুদ্ধে অপরাধের অভিযোগে পিয়ংইয়ংকে আন্তর্জাজিত আদালতে নেওয়ার সুপারিশ করল জাতিসংঘ সাধারণ পরিষদ। এ ছাড়া, দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্যে নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়েছে সংস্থাটি। তবে উত্তর কোরিয়ার পক্ষ থেকে প্রস্তাবটি প্রত্যাখ্যান করা হয়েছে। খবর আল-জাজিরার।
স্থানীয় সময় বৃহস্পতিবার পরিষদের অধিকাংশ দেশই প্রস্তাবের পক্ষে ভোট প্রদান করে। ১১৬ থেকে ২০ ভোটে প্রস্তাবটি পাস করা হয়। তবে ৫৩টি দেশ ভোট প্রদান থেকে বিরত থাকে। গত ফেব্রুয়ারিতে দেশটিতে সরকারের নির্যাতন, হত্যা এবং দারিদ্র্যসহ সার্বিক বিষয় নিয়ে জাতিসংঘ তদন্ত কমিশন একটি প্রতিবেদন প্রকাশ করে। এর প্রেক্ষিতেই এই ভোটাভুটির আয়োজন করা হল। প্রস্তাবে জনগণের ওপর দমন-পীড়ন চালানোয় পিয়ংইয়ং নেতৃত্বের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার কথা বলা হয়। গত নভেম্বরে এ বিষয়ে পরিষদ প্রস্তাব আনলে তাতে ১১১টি দেশ সমর্থন দিয়েছিল। ও দিকে প্রস্তাবটি প্রত্যাখ্যান করে জাতিসংঘে উত্তর কোরিয়ার উপরাষ্ট্রদূত জানিয়েছেন, এটি হল রাজনৈতিক ষড়যন্ত্র এবং দ্বন্দের ফল। মানবাধিকারের দুয়ো তুলে আমাদের ওপর অন্যায়ভাবে নেওয়া কোনো পদক্ষেপ আমরা সহ্য করব না বলেও জানান তিনি।