‘তারেকের মতো ইঁদুর লাফালে বঙ্গবন্ধুর কিছু হবে না’

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৪, ১৬:৫১
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বঙ্গবন্ধু বিশাল পাহাড়ের মতো, জিয়াউর রহমানের পুত্রের মতো কোনো ইঁদুর লাফালে কিছু যায় আসে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বক্তব্যকে তিনি ‘সীমালঙ্ঘন’ বলে উল্লেখ করেছেন। দ্রুত ওই বক্তব্য প্রত্যহারের জন্য খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান তিনি। অন্যথায় রাজপথে আওয়ামী লীগ এর জবাব দেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন সুরঞ্জিত।
শুক্রবার কাকরাইলের ইন্সস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে নৌকার সমর্থক গোষ্ঠী আয়োজিত এক আলোচনাসভায় এসব কথা বলেন সুরঞ্জিত। 
বঙ্গবন্ধুকে নিয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যকে গুরুত্ব না দিতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, এ নিয়ে গালাগালি আর পাল্টা গালাগালি করে রাজনীতিকে কলুষিত করার দরকার নেই। বিকৃত রাজনীতির পরিণতি ৫ জানুয়ারিতেই দেখেছেন। জনবিচ্ছিন্নতা থেকে তাদের এই মস্তিষ্ক বিকৃতির রাজনীতি এসেছে। আমাদের উচিত উন্নয়ন ও যুদ্ধাপারাধীদের বিচার ত্বরান্বিত করা।