বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি পৃথিবীর সকল ধর্মকে সমান দৃষ্টিতে দেখে। এটাই বিএনপির ধর্মনিরপেক্ষতা। ইউরোপীয় ইউনিয়নসহ বহির্বিশ্বের সকল দেশের কাছে বিএনপির ধর্মনিরপেক্ষতা নিয়ে দ্বিমত নেই । আর আওয়ামী লীগের ধর্মনিরপেক্ষতা হল ধর্মহীনতা।
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে মহান বিজয় দিবস পালন উপলক্ষে ‘মুক্তিযুদ্ধের চেতনা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।
স্বাধীনতা ফোরাম কেন্দ্রীয় সংসদ আয়োজিত এ সভায় মঈন খান বলেন, যে দেশে কথা বলার স্বাধীনতা নেই সে দেশের মাইক্রোফোন পর্যন্ত বিদ্রোহ করতে পারে। আজকে দেশে অর্থনৈতিক মুক্তি নেই। দেশ সম্পূর্ণ বিধ্বস্ত। তিনি বলেন, এই সরকার শুধু এই প্রজন্মকেই ধ্বংস করছে না, ধ্বংস করছে পরবর্তী প্রজন্মকেও।
মঈন খান বলেন, আমার বলতে লজ্জা করে এই সরকার শুধু দেশের নির্বাচনে কারচুপিতেই পারদর্শী নয়, বিদেশের নির্বাচনেও আইপিইউ-সিপিএ পদ টাকা দিয়ে কিনেছে। সরকার দলীয় একজন মন্ত্রীর মুখে বলতে শুনেছি, তারা নাকি ৫০ লাখ টাকা ব্যয় করে আইটিইউ (ইন্টারন্যাশানাল টেলিকমিনিকেশন ইউনিয়ন) নিবার্চনে বাংলাদেশের জন্য একটি আসন কিনেছে। এতেই বোঝা যায় আন্তর্জাতিক নির্বাচনেও টাকা দিয়ে আসন কিনতেও তারা পারদর্শী। তিনি বলেন,আওয়ামী লীগ আইপিইউ ( ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি ইউনিয়ন) ও সিপিএ (কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন) নির্বাচনে প্রেসিডেন্ট পদ কত টাকায় কিনেছে মানুষ সেটাও জানতে আগ্রহী।
প্রসঙ্গত যে,চলতি বছরের ৯ অক্টোবর ক্যামেরুনের রাজধানী ইয়াউনদেতে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের ৬০তম সম্মেলনে সংগঠনটির চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।এছাড়া ১৬ অক্টোবর সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় ১৬৪টি দেশের আইনসভার সংগঠন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের ১৩১তম সাধারণ অধিবেশন প্রেসিডেন্ট নির্বাচিত হন সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী।
স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে আরও বক্তব্য দেন- যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাবেক ছাত্র নেতা এবিএম মোশাররফ হোসেন, বিএনপি নেতা ব্যারিস্টার পারভেজ আহমেদ, ফরিদ উদ্দীন আহমেদ প্রমুখ।
