‘দেশে জঙ্গিবাদের বিস্তার রোধ করতে অবিলম্বে জামায়াত-শিবিরসহ ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছে ঐক্য ন্যাপ। সংগঠনটির দাবি, বিএনপি-জামায়াত সরকারের প্রশ্রয়ে দেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ে উঠেছিল। দেশের জঙ্গিদের সঙ্গে আল-কায়দা ও তালেবানদের সংযোগ জোরদার হয়েছিল।’ শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত ‘পেশোয়ারে শিশুহত্যাসহ বিশ্বব্যাপী জঙ্গি তত্পরতা রুখে দাঁড়াও’ শীর্ষক এক সংবাদিক সম্মেলনে ঐক্য ন্যাপ এ দাবি জানায়।
গত মঙ্গলবার পাকিস্তানের পেশোয়ারের ওয়ারসাক রোডে সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে ভয়াবহ আত্মঘাতী হামলা চালায় তালেবান অস্ত্রধারীরা। সে সময় ওই স্কুলে পরীক্ষা চলছিল। হামলায় প্রাণ হারিয়েছে অন্তত ১৪১ জন। তাদের মধ্যে ১৩২ জন শিশু ছিল।
সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য। সাংবাদিক সম্মেলনে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক আজিজুর রহমান প্রমুখ।
পঙ্কজ ভট্টাচায বলেন, জামায়াত-শিবির-বিএনপির আন্দোলনের প্রতি আল-কায়দা নেতা জাওয়াহিরির সমর্থনসূচক বক্তব্য, বাংলাদেশসহ উপমহাদেশে তাদের শাখা খোলার ঘোষণা, ময়মনসিংহে ফাঁসির আসামিসহ চার জঙ্গি ছিনতাই, প্রতিবেশী দেশে বোমা বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশের জঙ্গিদের সংশ্লিষ্টতা এবং সর্বশেষ ড্রোান বিমান তৈরি করে দেশের শীর্ষ নেতাদের হত্যা করার পরিকল্পনা জঙ্গি তত্পরতার ইঙ্গিত বহন করে।
অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, সরকারের চেষ্টার পরেও, জঙ্গিবাদ মাথা তুলছে। তার মানে সরকারকে আর সচেতন ও কঠিন হতে হবে।
অধ্যাপক আজিজুর রহমান বলেন, ‘পাকিস্তানে শিশুহত্যার প্রভাব আমাদের দেশের শিশুদের ওপরেও পড়তে পারে। নিষ্পাপ শিশুরা মানুষ হত্যা, সহিংসতা দেখলে তাদের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয়।
