স্থল সীমান্ত চুক্তি বিলে অগ্রগতি আনার আহ্বান শশী থারুরের

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৪, ১৯:৫৪
 
 
 
 
বাংলাদেশ-ভারতের মধ্যে স্থল সীমান্ত চুক্তি সংক্রান্ত বিলটি পার্লামেন্টে দ্রুত উত্থাপনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতা ও মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী শশী থারুর। একই সঙ্গে বিলটি উত্থাপনে বিলম্বের কারণও ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন তিনি। শুক্রবার লোকসভায় তিনি এ দাবি জানান বলে ভারতের বার্তা সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে।
শশী থারুর বলেন, পার্লামেন্টারি স্টান্ডিং কমিটি সর্বসম্মতভাবে ১১৯তম সংবিধান (সংশোধনী) বিলের অনুমোদন দিয়েছে। অতীতে এই বিলের বিরোধিতা করেছিল— এমন কিছু দল এরই মধ্যে তাদের সমর্থন ব্যক্ত করেছে। কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়া হয়নি। এ জন্য সরকারের ব্যাখ্যা দেয়া উচিত। তিনি বলেন, ১৯৪৭ সালে দেশ বিভাগের পর থেকে চলে আসা গুরুতর এক সমস্যার ইতি টানাই এই চুক্তির প্রধান উদ্দেশ্য।  
শশী থারুরের এ বক্তব্যে সমর্থন করেছেন সিপিআই (এম) নেতা মোহাম্মদ সেলিম। সরকার বিলটি পার্লামেন্টে অনুমোদনের জন্য কেন আনছে না সে কথা জানতে চান তিনি। পার্লামেন্টের দুই সদস্যের বক্তব্যের জবাবে সংসদ বিষয়ক মন্ত্রী এম ভেনকাইয়াহ নাইড়ু বলেন, বিষয়টি নজরে এসেছে এবং পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে জানানো হবে। সুবিধামতো সময়ে তিনি এ বিষয়ে জবাব দেবেন।