চকরিয়ায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৪, ০০:০৬

কক্সবাজারের চকরিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজার ছুরিকাঘাতে খুন হয়েছেন চাচা আবদুল আজিজ (৩৬)। তিনি পরিবহন শ্রমিক নেতা ছিলেন। ঘাতকের ধারালো অস্ত্রের কোপে জখম হয়েছেন আনোয়ার হোসেন, মোকতার হোসেন ও মকছুক আহমদ নামের আরো তিনজন। তাদেরকে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাত্ক্ষণিক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নামার চিরিঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হয়েছে। ঘটনার পর হামলাকারী পক্ষের এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার মূল হোতাদের গ্রেফতারে অভিযান চলছে।