২০২২ বিশ্বকাপের সময় নিয়ে দীর্ঘদিনের আলোচনা-সমালোচনার সমাপ্তি ঘটতে যাচ্ছে আগামী বছর মার্চে। শুক্রবার বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফার কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বিশ্বকাপের জন্য সাধারণত প্রতি চার বছর অন্তর জুন-জুলাই মাসটা নির্ধারিত থাকে। কিন্তু ঐতিহ্যগত এই তারিখের এবার পরিবর্তন হতে যাচ্ছে কাতারের প্রচন্ড গরমের বিষয়টি বিবেচনা করে। জানুয়ারি-ফেব্রæয়ারি, মে নাকি নভেম্বর-ডিসেম্বর কোন সময় ২০২২ বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সেটাই আগামী বছর মার্চে চূড়ান্ত করা হবে। যদিও আয়োজকদের পক্ষ থেকে প্রতিটি স্টেডিয়ামে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র স্থাপনের আশ্বাস দেয়া হয়েছে। গত নভেম্বরে ফিফার পক্ষ থেকে জানুয়ারি-ফেব্রæয়ারি অথবা নভেম্বর-ডিসেম্বর বিশ্বকাপ আয়োজনের ইঙ্গিত পাওয়া গেলেও শক্তিশালী ইউরোপীয়ান ক্লাব এবং লীগের পক্ষ থেকে মে মাসে আয়োজনের জন্য জোড় দেয়া হয়। তবে সবকিছুকে বিবেচনা করেই ফিফার কার্যনির্বহী কমিটি সিদ্ধান্ত নেবে।
ফিফার কার্যনির্বাহী কমিটি আরো নিশ্চিত করেছে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের ম্যাচ ১৪ জুন শুরু হবে এবং ১৫ জুলাই হবে ফাইনাল।
সূত্র-বাসস।
