‘দেশ আবার খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে’

শ্রীলংকায় ৫০ হাজার টন খাদ্য রপ্তানির সিদ্ধান্ত

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৪, ১৫:০২
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ২০০৯ সালে শেখ হাসিনা সরকার ক্ষমতাসীন হওয়ায় দেশ আবার খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে। ইতিমধ্যেই শ্রীলংকায় ৫০ হাজার টন খাদ্য রপ্তানির সিদ্ধান্ত নেয়া হয়েছে। লোড শেডিং দিয়ে কৃষকদের কৃষি কাজে সেচ সুবিধা করে দিচ্ছে সরকার। ১০ টাকায় কৃষকরা ব্যাংক একাউন্ট করতে পারছে।
এর আগে ২০০০ সালেও এ সরকারের হাত ধরেই দেশ প্রথম খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করে। বিশ্ব খাদ্য সংস্থা স্বীকৃতি স্বরূপ বর্তমান প্রধানমন্ত্রীকে স্বর্ণ পদকে পুরস্কৃত করেছিলেন। এরপর জামায়াত বিএনপি ক্ষমতাসীন হলে দেশে আবার খাদ্য ঘাটতি দেখা দেয়।
শনিবার সকাল ১১টায় ঝালকাঠি সদর উপজেলা প্রাঙ্গণে শীতার্থদের শীত-বস্ত্র ও কৃষকদের পাওয়ার টিলার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
বক্তব্য শেষে মন্ত্রী উপজেলার প্রায় ৫০০ জন শীতার্থের মাঝে কম্বল ও ১৫ জন কৃষকের মাঝে পাওয়ার টিলার বিতরণ করেন।
এ সময় ঝালকাঠি জেলা প্রশাসক মো. শাখাওয়াত হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা ফেরদৌস, উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, জেলা কৃষক দলের সভাপতি ও পিপি এ্যাডভোকেট আ. মান্নান রসুল, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রমুখ উপস্থিত ছিলেন।